দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : কাছাড় জেলা কৃষি বিভাগের কার্যালয়ে বিদায়ী জেলা কৃষি অফিসার ড. আব্দুল রেজ্জাক আহমেদকে অগপর জেলা কমিটির নেতা-কর্মীরা সংবর্ধনা জানিয়েছেন। এই আবেগময় অনুষ্ঠানে অগপরের শীর্ষ নেতৃত্ব সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়ে ড. আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অগপর কার্যকরী সভাপতি মণিতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে অগপরের সাধারণ সম্পাদক মোমিনুল হক লস্কর, কার্যালয়ের সম্পাদক প্রিয়কুমার সিনহা, সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দর হোসেন লস্কর, যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুক হুসেন লস্কর, যুব পরিষদের জেলা সভাপতি রূপন মোদক, কৃষক পরিষদের জেলা সভাপতি আহমেদ শাহিদ বড়ভূইয়া, উপ-সভাপতি খালেক মাসুদ মজুমদার, শিলচর কৃষক পরিষদের সভাপতি কুতুব উদ্দিন বড়ভূইয়া, সন্তোষ সিনহা, লালপিউলিম হামার, চার্লিং লেইমা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্যেকেই একজন করে ডা. আহমেদের গলায় উত্তরীয় পরিয়ে ও হাতে উপহার হস্তান্তর করে সম্মান জানান।বক্তব্যে সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দর হুসেন লস্কর বলেন, “ডা. আব্দুল রেজ্জাক মহাশয় কৃষি বিভাগের একজন সত্যিকারের কৃষকদরদী ও অমায়িক ব্যক্তিত্ব। এই অঞ্চলের কৃষকদের উন্নয়নের জন্য তিনি দিনরাত পরিশ্রম করে গেছেন। তাঁর অবদান কৃষক সম্প্রদায় চিরকাল মনে রাখবে।”
প্রতিক্রিয়ায় বিদায়ী ডিও আব্দুল রেজ্জাক আহমেদ বলেন, “চাকরিজীবীদের জন্য বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু কাছাড় জেলার সর্বস্তরের কৃষকদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা আমার চিরজীবন মনে থাকবে। অগপর দলের জেলা নেতা-কর্মীসহ বিভাগীয় মন্ত্রীরা কৃষক উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়নে সর্বদা তৎপর ছিলেন।” আবেগময় পরিবেশে সভা সমাপ্ত হয়। এই অনুষ্ঠান কাছাড়ের কৃষক সম্প্রদায় ও স্থানীয় নেতৃত্বের মধ্যে দৃঢ় সম্পর্কের প্রতীক হয়ে উঠেছে।



