বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : জন্মাষ্টমী উপলক্ষে শিশুদের নিয়ে এক মনোজ্ঞ ‘ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা’-র আয়োজন করল লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। শুক্রবার শিলচরের মালুগ্রামস্থিত শ্রীশ্রী কালীবাড়ি ও শনি মন্দিরে মন্দির কমিটির সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমীর মূল ভাবনা রাধা-কৃষ্ণকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় কোনও প্রবেশমূল্য রাখা হয়নি। মোট ২২ জন শিশু অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী শিল্পী পাল চৌধুরী। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর পক্ষ থেকে তাঁকে সংবর্ধনাও জানানো হয়।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে বিদিশা যাদব, দ্বিতীয় পুরস্কার পায় শৌনক দত্ত পুরকায়স্থ এবং তৃতীয় পুরস্কার অর্জন করে অঙ্কিতা যাদব। এছাড়া দর্শকদের পছন্দের ভিত্তিতে ‘Audience Choice Award’ লাভ করে রিয়াংশি বিশ্বাস। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাব ভ্যালি ভিউ-এর সভাপতি সঞ্জীব রায়, শিল্পী ভট্টাচার্য, সঙ্গীতা সিং, প্রদীপ সিং, বাবু সিং, মীরা প্রজাপতি ও নন্দা কানু যাদব প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ভাস্কর্য মিশ্র, জয়ন্তী সিকদার, রাকেশ তেওয়ারি, বিজয় সিং, অনিতা যাদব, ইন্দিরা বিশ্বাস, মায়া দীক্ষিত, শান্তি ঠাকুর, বাবলু যাদব, আরতি তেওয়ারি-সহ আরও অনেকে। প্রকল্পের চেয়ারপার্সন বন্দিতা ত্রিবেদী রায় সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি মন্দির কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাঁদের অসাধারণ সহযোগিতার কথা উল্লেখ করেন।।



