২২টি কেন্দ্রে নতুন প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ মিলতে পারে : হিমন্ত

Spread the news

বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : ২০২৬ সালের নির্বাচনে বিজেপিতে পুরোনো বিধায়কদের টিকিট না দিয়ে এবার নতুন মুখের প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি। দলের কাছে এমন ২২টি নতুন বিধানসভা কেন্দ্র রয়েছে, যেখানে নতুন প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া যেতে পারে। সংবাদমাধ্যমের সামনে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, বিজেপির লক্ষ্য থাকা ১০৩টি আসনের মধ্যে ২২টি আসনে নতুন প্রার্থীকে টিকিট দেওয়া হতে পারে।
মুখ্যমন্ত্রী বলেন, এবার নতুন মুখকে অগ্রাধিকার দিতে বিজেপির কোনও অসুবিধা নেই। বর্তমানে বিজেপির হাতে বেশি সংখ্যক আসন রয়েছে, যেখানে আগে দলের হাতে তুলনামূলকভাবে কম আসন ছিল। উল্লেখযোগ্য যে, বিজেপির কার্যালয়ে দলের সভাপতি দিলীপ শইকিয়ার সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরই সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শর্মা আরও বলেন, “প্রত্যেক বিজেপি বিধায়ক যে টিকিট পাবেন, তার কোনও নিশ্চয়তা নেই। পাঁচ বছরের জন্যই কেউ বিধায়ক হন। পরবর্তী পাঁচ বছরে জনপ্রিয়তার ভিত্তিতেই দল টিকিট দেয়। বিজেপি দলে টিকিটের জন্য আবেদন করার কোনও ব্যবস্থা নেই। ফলে নির্বাচনে কে টিকিট পাবেন, তা বুথ কমিটি থেকে শুরু করে রাজ্য নির্বাচন কমিটি পর্যন্ত একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে নাম উঠে আসে। রাজ্য নির্বাচন কমিটি প্রতিটি কেন্দ্রের বিপরীতে দুই থেকে তিনটি নাম দলের সংসদীয় বোর্ডে পাঠায়, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।”

তিনি আরও বলেন, “সংসদীয় বোর্ডের বৈঠকে কী সিদ্ধান্ত হবে, তা দুই মাস আগেই কেউ বলতে পারে না। ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দলের কেন্দ্রীয় সভাপতি, নীতিন নবিন, অমিত শাহ, রাজনাথ সিং উপস্থিত থাকবেন। সেই বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা ৮০-৯০ দিন আগেও কেউ বলতে পারে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *