বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : মাজুলিতে ঘটে যাওয়া এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় সাংস্কৃতিক সাংবাদিক তথা চলচ্চিত্র পরিচালক নিমানন্দ দাসের আকস্মিক মৃত্যুতে রাজ্যের সাংস্কৃতিক ও সংবাদমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শনিবার কমলাবাড়ির কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে নিমানন্দ দাসের চালানো গাড়িটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। লখিমপুর স্টেশন থেকে মাজুলীতে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে।
উল্লেখ্য, অরণ্যমানব যাদব পায়েংয়ের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন নিমানন্দ দাস। বর্তমানে মাজুলীর ভকতচাপরিতে ছবিটির শুটিং চলছিল।
ছবির একটি দলকে লখিমপুর স্টেশনে পৌঁছে দিয়ে মাজুলীতে ফেরার সময়ই এই দুর্ঘটনার কবলে পড়েন দাস। দুর্ঘটনার পর অভিনেতা রাজীব ক্রয় তাঁর মৃতদেহ শনাক্ত করেন।
নিমানন্দ দাসের আকস্মিক প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে সহকর্মী, শিল্পী ও অনুরাগীদের মধ্যে গভীর শোকের আবহ তৈরি হয়েছে।



