বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : ভারতরত্ন ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উপলক্ষে উদারবন্দে অনুষ্ঠিত হল বিশেষ সঙ্গীত প্রতিযোগিতা। রবিবার সকাল ১০টা থেকে উধারবন্দ অডিটোরিয়ামে ‘ভূপেন হাজারিকা সঙ্গীত প্রতিযোগিতা’র আয়োজন করে ব্যতিক্রম গ্রুপ। অনুষ্ঠানে সহযোগিতা করে উদারবন্দ স্পোর্টিং ক্লাব।
স্থানীয় বিচারক মানসী চৌধুরী ও শিবাশিস চক্রবর্তীর হাত ধরে প্রতিযোগিতার সূচনা হয়। মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলন করেন ব্যতিক্রম পরিবারের ভাস্কর দাস এবং উধারবন্দ স্পোর্টিং ক্লাবের সম্পাদক জগন্নাথ রায়। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে ভাস্কর দাস জানান, দক্ষিণ আসামের সাংস্কৃতিক ইতিহাসে এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, দক্ষিণ আসামের ১৪টি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিভাবান উঠতি শিল্পীদের বাছাই করে তাঁদের বৃহত্তর সাংস্কৃতিক মঞ্চে তুলে ধরাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত শিল্পীরা আগামী ৭ সেপ্টেম্বর শিলচর সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত মহা–ফাইনালে অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ট্রফি ও বিশেষ আর্থিক পুরস্কার।
৮ সেপ্টেম্বর বঙ্গভবনে অনুষ্ঠিত হবে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে কলকাতার জনপ্রিয় সঙ্গীতদল ‘দোহার’-এর পাশাপাশি গুয়াহাটি থেকে আগত বিশিষ্ট শিল্পীরাও অংশ নেবেন। বিশেষ আকর্ষণ হিসেবে একশো জন শিল্পী একসঙ্গে পরিবেশন করবেন ভূপেন হাজরিকার কালজয়ী গান। এই সম্মিলিত পরিবেশনের মধ্য দিয়ে জন্মশতবর্ষ উদযাপনে ছড়িয়ে পড়বে সুরের আবহ।



