বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : মিজোরামের আইজল শহরের লুংভেরহা এলাকার আইজল জুলজিক্যাল পার্কে ভালুকের হামলায় মর্মান্তিক মৃত্যু হল এক চিড়িয়াখানা কর্মীর। নিহত কর্মীর নাম সি. লালরামসাঙ্গা ওরফে মারামা। তাঁর বয়স ৪২ বছর। বাড়ি লুংরাং সাউথ-১ এলাকায়। রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পর চিড়িয়াখানা থেকে বেরিয়ে আসা চারটি বাঘকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার সকালে বাইকে করে সজারু খুঁজতে যাওয়ার সময় ভালুকের মুখোমুখি হন লালরামসাঙ্গা। সেই সময় একটি ভালুক তাঁকে আক্রমণ করে। তাঁকে টেনে রাস্তার পাশে নিয়ে যায়। ভালুকের হামলায় তাঁর মাথা, হাত-সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। তাঁকে উদ্ধারের চেষ্টা করা হলেও আশপাশে আরও ভালুক থাকায় উদ্ধারকারীরা এগিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চিড়িয়াখানার বেষ্টনীর একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেখান দিয়েই চারটি ভালুক বাইরে বেরিয়ে আসে। ঘটনার পর বন বিভাগের কর্মীরা চারটি ভালুককে গুলি করে হত্যা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বেষ্টনীর অংশ মেরামতের কাজও সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে রবিবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান মিজোরামের বনমন্ত্রী লালথানসাঙ্গা (ছাতেয়া)। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী লালদুহোমাকে ঘটনার বিস্তারিত বিবরণ জানান। মুখ্যমন্ত্রী অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আইজল জুলজিক্যাল পার্কের নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ‘আইজল জুলজিক্যাল পার্ক ইমপ্রুভমেন্ট প্রপোজাল’ তৈরির নির্দেশও দিয়েছেন বলে জানা গেছে।

বনমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। ঘটনাস্থল পরিদর্শনের সময় বন বিভাগের মুখ্য বন্যপ্রাণ সংরক্ষক, পার্কের পরিচালক, ডিএফও (ওয়াইল্ডলাইফ), সিসিএফ-সহ পঞ্চম আইআর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পুই পুলামতেও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিহত লালরামসাঙ্গা দীর্ঘদিন ধরে চিড়িয়াখানায় অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছিলেন। তাঁর মরদেহ আইজল সিভিল হাসপাতালে ময়নাতদন্তের পর নিজ গ্রাম লুংরাঙে নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা এবং বন্যপ্রাণী সংরক্ষণ পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।




