বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : তিন দিনের সফরে মিজোরামে পৌঁছলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার মিজোরাম বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
শনিবার বিকেল ৩টা নাগাদ আইজলের লেংপুই বিমানবন্দরে অবতরণ করেন রাষ্ট্রপতি। সেখানে তাঁকে স্বাগত জানান মিজোরামের রাজ্যপাল (অবসরপ্রাপ্ত) জেনারেল বিজয় কুমার সিং, মুখ্যমন্ত্রী লালদুহোমা, শিক্ষামন্ত্রী ড. ভানলালথলানা-সহ রাজ্য সরকারের বিশিষ্ট আধিকারিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।

রবিবার দুপুরের পর রাষ্ট্রপতি সড়কপথে কেলসিহে অবস্থিত রোপুইলিয়ানি ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম ও ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করবেন। সেখানে একটি গাছের চারা রোপণ করবেন তিনি। এরপর ফালকাওনের ঐতিহ্যবাহী মিজো গ্রাম ‘জোখুয়া’ পরিদর্শন করে সেখানেও একটি চারা রোপণ করবেন রাষ্ট্রপতি। পরে তিনি লোকভবনে ফিরে যাবেন।



