শিলচরে একের পর এক ATM ভাঙার চেষ্টার অভিযোগ, অবশেষে পুলিশের জালে যুবক

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : শিলচর শহরে পরপর একাধিক ব্যাঙ্কের এটিএম ভাঙার চেষ্টার অভিযোগে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হল ৩৩ বছর বয়সি যুবক আব্দুল আজিজ লস্কর। মঙ্গলবার গভীর রাতে শহরের বিলপার এলাকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি এটিএম ভাঙার চেষ্টা করার সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে।

ধৃত আব্দুল আজিজ লস্করের বাড়ি শিলচরের মধুরবন্দ এলাকার থানা রোডে। তার বাবার নাম লুৎফুর রহমান লস্কর বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও ঘুংঘুরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখা এবং রাঙ্গিরখাড়ির ব্যাঙ্ক অফ বরোদা শাখায় এটিএম ভাঙার চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে ওই দুটি ঘটনায় অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এরপর থেকেই তাকে খুঁজছিল পুলিশ।

অবশেষে মঙ্গলবার রাতে বিলপার এলাকায় ফের একটি এটিএম ভাঙার চেষ্টা করার সময় শিলচর পুলিশের হাতে ধরা পড়ে সে। ঘটনাস্থল থেকে এটিএম ভাঙার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত যুবক এর আগে সংঘটিত আরও কোনও এটিএম ভাঙার চেষ্টার ঘটনায় জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *