বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকার বাসিন্দাদের আশ্বস্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট (SUMP) বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের সঙ্গে গঠনমূলক আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র। স্থানীয় বাসিন্দাদের আস্থা ও সম্মতি ছাড়া এই প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্ন নেই বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
শনিবার ইটানগরের কাছে বান্দেরদেওয়ার পুলিশ ট্রেনিং সেন্টারে অরুণাচল প্রদেশ পুলিশের প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, সিয়াং প্রকল্প নিয়ে স্থানীয়দের বিভিন্ন উদ্বেগের বিষয় তাঁর নজরে এসেছে। মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও তাঁকে এ বিষয়ে অবহিত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিয়াং প্রকল্প একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প। অরুণাচল প্রদেশের উন্নয়ন, রাজস্ব বৃদ্ধি ও বাজেটের পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের ক্ষেত্রেও এর বিশেষ গুরুত্ব রয়েছে।

সিয়াং উপত্যকার বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা করা হবে। স্থানীয় জনগণকে সম্পূর্ণ আস্থায় নিয়েই আলোচনার মাধ্যমে প্রকল্পের ভবিষ্যৎ পথ নির্ধারণ করা হবে।
বিশেষভাবে আদিবাসী আদি সম্প্রদায়ের সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য রক্ষার আশ্বাস দেন শাহ। তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা যেমন নিজেদের সংস্কৃতিকে শ্রদ্ধা করেন, তিনিও এবং তাঁর সরকারও সেই সংস্কৃতির প্রতি সমান শ্রদ্ধাশীল।

প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য ‘ভারতের অন্যতম আকর্ষণীয় পুনর্বাসন প্যাকেজ’ দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। তাঁর বক্তব্য, এলাকার ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় পরিচয়ের সঙ্গে কোনও আপস না করেই প্রকল্পের বিষয়ে সমাধানসূত্র বের করা হবে।
স্থানীয় বাসিন্দাদের রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে শাহ বলেন, নিজেদের উদ্বেগ ও দাবিগুলি রাজ্য প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তুলে ধরতে হবে।

উল্লেখ্য, প্রস্তাবিত এই মেগা বাঁধ প্রকল্পের বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে অরুণাচল প্রদেশে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। বিভিন্ন আদিবাসী সংগঠন, কৃষক ও স্থানীয় গোষ্ঠীর আশঙ্কা, প্রকল্প বাস্তবায়িত হলে বহু মানুষকে বাস্তুচ্যুত হতে হতে পারে। পাশাপাশি পৈতৃক জমি হারানো, পরিবেশের ক্ষতি এবং সিয়াং নদীর স্বাভাবিক প্রবাহ ও বাস্তুতন্ত্রের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা।
এদিকে, অরুণাচল প্রদেশ সফরের অংশ হিসেবে শনিবার পরবর্তী সময়ে ইটানগরে রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।



