বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : পঞ্চায়েত প্রতিনিধিদের মাসিক পারিতোষিক বৃদ্ধি, নয়া পুরসভা সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে করে সিদ্ধান্তগুলো ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই মরাণ ও মটক স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। তিনি বলেন, রাজ্যে নতুন করে ছয়টি পুরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে লখিমপুর জেলায় লালুক, হারমতী-বান্দরদেবা এবং ঘিলামরা পুরসভা গঠন করা হবে।

এছাড়া মাজুলীতে প্রথমবারের মতো একটি পুরসভা গঠন করা হচ্ছে। কাছাড় জেলায় গঠিত হবে উধারবন্দ পুরসভা। অন্যদিকে, কামরূপ জেলায় মির্জা ও বিজয়নগরে দু’টি নতুন পুরসভা গঠন করা হবে।
অন্যদিকে, আজকের মন্ত্রিসভার বৈঠকে গোগামুখ কৃষি গবেষণা কেন্দ্রের জন্য জমি বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, মিসামারিতে সেনাবাহিনীর জন্য ৭৫ বিঘা জমি বরাদ্দের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
পঞ্চায়েত প্রতিনিধিদের সাম্মানিক বৃদ্ধি
বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের পঞ্চায়েত প্রতিনিধিদের মাসিক সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েতের সভাপতি, সহ-সভাপতি এবং সদস্যদের সাম্মানিক বাড়ানো হয়েছে।

বর্ধিত সাম্মানিকের পরিমাণ নিম্নরূপ—
জেলা পরিষদ
সভাপতি: ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা।
সহ-সভাপতি: ৭,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা।
সদস্য: ৪ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫,৫০০ টাকা।
আঞ্চলিক পঞ্চায়েত
সভাপতি: ৭,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা।
সহ-সভাপতি: ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার টাকা।
সদস্য: ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা।
গ্রাম পঞ্চায়েত
সভাপতি: ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬,৫০০ টাকা।
সহ-সভাপতি: ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার টাকা।
সদস্য: ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২,৬০০ টাকা।
এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধিদের মাসিক সাম্মানিক বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করল অসম সরকার।




