করিমগঞ্জের নাম পরিবর্তন : শম্ভুসাগর পার্কে প্রতিবাদ কর্মসূচি, ঐতিহাসিক নাম পুনর্বহালের দাবিতে সরব সংগঠন

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহত্তর ও দীর্ঘস্থায়ী গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি। বুধবার নাম পরিবর্তনের মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণের দিনটিকে স্মরণ করে সংগঠনের উদ্যোগে করিমগঞ্জের শম্ভুসাগর পার্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের ১৯ নভেম্বর করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল বলে দাবি করে নাগরিক কমিটি। এই সিদ্ধান্তকে অন্যায় ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের প্রতিবাদ জানান। তাঁদের দাবির মধ্যে ছিল করিমগঞ্জ জেলার পুরনো নাম পুনর্বহাল, নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার এবং বরাক উপত্যকার মানুষের প্রতি বৈষম্য ও বঞ্চনা বন্ধ করা।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নাগরিক কমিটির অন্যতম আহ্বায়ক অরুণাংশু ভট্টাচার্য বলেন, স্বাধীনতা আন্দোলন, নানকার বিদ্রোহ, মুলুক চলো আন্দোলন এবং মাতৃভাষা আন্দোলনের ঐতিহাসিক স্মৃতি ও সংগ্রামের সঙ্গে করিমগঞ্জ নামটি গভীরভাবে জড়িত। অথচ সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে একতরফাভাবে জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পংক্তিকে বিকৃতভাবে ব্যাখ্যা করে এই সিদ্ধান্তকে যুক্তিসংগত প্রমাণের চেষ্টা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, করিমগঞ্জ স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক পীঠস্থান। নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপিনচন্দ্র পাল, মাস্টারদা সূর্য সেন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির সঙ্গে এই অঞ্চলের ঐতিহাসিক যোগসূত্র রয়েছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আদর্শ প্রতিষ্ঠায় এই মনীষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই ঐতিহ্য ও জনমতকে উপেক্ষা করে জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নাগরিক কমিটির ধারাবাহিক আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে অরুণাংশু ভট্টাচার্য জানান, গত বছর ৬ সেপ্টেম্বর জাতি, ধর্ম, ভাষা ও বর্ণ নির্বিশেষে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ঐতিহাসিক জেলাব্যাপী সাধারণ ধর্মঘট সফল হয়েছিল। তাঁর দাবি, ওই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষ নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন।

বক্তব্যে তিনি বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়ন ও জনপরিষেবার দুরবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, রাস্তাঘাট, বিদ্যুৎ ও রেল পরিষেবা থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। সরকারি চাকরিতে স্থানীয় শিক্ষিত যুবক-যুবতীদের পর্যাপ্ত সুযোগ না পাওয়া এবং উপত্যকার প্রতি দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার বিষয়টিও তিনি তুলে ধরেন।

সম্প্রতি করিমগঞ্জ শহরে দুর্গাপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি পুলিশি পদক্ষেপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, ওই ঘটনায় স্থানীয় যুবকদের একাংশের বিরুদ্ধে একতরফাভাবে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। উগ্র প্রাদেশিকতাবাদ ও ধর্মীয় বিভাজনের রাজনীতি বরাক উপত্যকার মানুষের ঐক্যের পথে বাধা সৃষ্টি করছে বলেও তিনি মন্তব্য করেন।

অরুণাংশু ভট্টাচার্য বলেন, বরাক উপত্যকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পরিবর্তে বিভাজনের রাজনীতিকে উৎসাহিত করা হচ্ছে। হিন্দু-মুসলমানসহ বিভিন্ন ভাষাভাষী মানুষের ঐক্যই এই পরিস্থিতির মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ বিভাজন নয়, ঐক্য; ঘৃণা নয়, অধিকার এবং সংঘাত নয়, ন্যায়বিচার চান।

তিনি জানান, জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে নাগরিক কমিটি ইতিপূর্বে ধারাবাহিক আন্দোলন গড়ে তুললেও সরকারের পক্ষ থেকে দাবির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তবে আন্দোলন থেমে থাকেনি। আগামী দিনে গ্রাম থেকে গ্রামান্তরে আন্দোলন ছড়িয়ে দিয়ে আরও বৃহত্তর ও সুসংগঠিত গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। যতদিন না নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করে করিমগঞ্জ জেলার ঐতিহাসিক নাম পুনর্বহাল করা হচ্ছে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নাগরিক কমিটির আহ্বায়ক।

এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সুদীপ্তা দে চৌধুরী, জ্যোতিষ পুরকায়স্থ, তুষার দাস, প্রজ্জ্বল দেব, মোস্তফা আহমেদ, পৃথ্বীজিৎ দেব, পিকলু দাস, বিষ্ণু দত্ত পুরকায়স্থ, দেবব্রত শুক্ল, সুজিত কুমার পাল, সঞ্চিতা শুক্ল-সহ নাগরিক কমিটির সদস্য ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সংবাদদাতা: পিকলু দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *