ধলাইয়ের জামালপুরে অবৈধ মাটি পাচার ও পৈতৃক জমি দখলের অভিযোগ, সিনিয়র পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : কাছাড় জেলার ধলাই থানাধীন জামালপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পাচার, পৈতৃক সম্পত্তি দখল করে রাস্তা নির্মাণ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধলাই থানায় এজাহার গ্রহণ না করার অভিযোগ তুলে অবশেষে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিন লস্কর।

সিনিয়র পুলিশ সুপারের কাছে জমা দেওয়া লিখিত অভিযোগে সাহাব উদ্দিন লস্কর দাবি করেছেন, জামালপুর ফরেস্ট ভিলেজের ফকরুল আলম মজুমদারের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ও অবৈধ মাটি পাচারের কারবার চালিয়ে আসছে। তাঁর অভিযোগ, মাটি কাটার কাজে নম্বরবিহীন একটি জেসিবি ও একটি ৪০৭ ট্রাক ব্যবহার করা হচ্ছে। এর ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে বলে স্থানীয়রা প্রতিবাদ জানালেও অভিযুক্তরা তা উপেক্ষা করে নিজেদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৬ নভেম্বর রাতে অভিযুক্তরা স্থানীয় বনাঞ্চলে বড় গর্ত খুঁড়ে অবৈধভাবে মাটি উত্তোলন ও পাচার করেন। মাটি পরিবহনের সুবিধার্থে অভিযোগকারীর পৈতৃক জমির ওপর জোরপূর্বক মাটি ফেলে রাস্তা তৈরি করা হয় বলেও দাবি করেছেন সাহাব উদ্দিন। এ কাজে বাধা দিতে গেলে অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর চড়াও হন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ।

সাহাব উদ্দিনের আরও অভিযোগ, ঘটনার পরদিন ১৭ নভেম্বর তিনি ধলাই থানায় লিখিত এজাহার জমা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করতে অস্বীকার করে। বারবার অনুরোধ জানানো সত্ত্বেও এজাহার গ্রহণ করা হয়নি বলে দাবি তাঁর।

অভিযোগপত্রে মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত, থানায় এজাহার গ্রহণ এবং অভিযোগে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার কাছাড়ের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন সাহাব উদ্দিন লস্কর। এখন পুলিশ প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *