বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : বিপদের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো দক্ষিণ ধলাইয়ের অগ্রগণ্য সামাজিক সংগঠন বরাক গ্রিন মিশন এনজিও। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফ্রেঞ্চনগর গ্রামের অসহায় ব্রজেন্দ্র রায়ের পরিবারের দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দিল সংস্থাটি। বুধবার পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন বরাক গ্রিন মিশনের সভাপতি আক্তার হোসেন লস্কর ও সম্পাদক সুদীপ বিশ্বাস। একই সঙ্গে আগামী দিনেও পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন তাঁরা। এদিন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কর্মায়ন সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ মালাকার ।

উল্লেখ্য, কালীপূজার দিন ব্রজেন্দ্র রায়ের সহধর্মিণী স্বপ্না রায়ের আকস্মিক প্রয়াণে পরিবারটির জীবনে নেমে আসে গভীর শোক ও চরম দুর্দশা। প্রিয়জনকে হারানোর বেদনার পাশাপাশি আর্থিক সংকটও পরিবারটিকে বিপর্যস্ত করে তোলে। বিশেষ করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে আসার ক্ষেত্রেও পরিবারকে নানা প্রতিকূলতা ও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মৃতদেহ বাড়িতে নিয়ে আসা সম্ভব হয়। পরিবারটির এই অসহায় অবস্থার খবর জানতে পেরে বরাক গ্রীন মিশন এনজিও-র কর্মকর্তারা তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন। এদিন তাঁরা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা প্রদান করেন।

বরাক গ্রিন মিশনের এই উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। উল্লেখ্য, সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবার পরিচয়। শুধু আর্থিক সহযোগিতা নয়, দুঃসময়ে একটি পরিবারের পাশে দাঁড়িয়ে সাহস ও ভরসা জোগানোর এই প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়।মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এই বার্তা আরও একবার প্রমাণ করল—মানুষের বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই সমাজসেবার প্রকৃত সার্থকতা।




