গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে স্কুল ইনোভেশন কাউন্সিলের উদ্যোগে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ কর্মসূচি

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে স্কুল ইনোভেশন কাউন্সিল (SIC)-এর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, উদ্ভাবন, দক্ষতা বিকাশ এবং নতুন ধারণা সৃষ্টির লক্ষ্যে বুধবার একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তাঁরা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা ও দক্ষতা বিকাশমূলক পরিকাঠামো সম্পর্কে অবগত হন। সমাজের বিভিন্ন চিন্তাপ্রবণ ও সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে নতুন ধারণা সৃষ্টি এবং উদ্ভাবনী চিন্তাভাবনায় শিক্ষার্থীদের উৎসাহিত করাই ছিল এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানের সূচনা করেন স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ড. সুভাষ দেবনাথ। স্বাগত ভাষণে তিনি স্কুল ইনোভেশন কাউন্সিলের মূল পরিকল্পনা, উদ্দেশ্য ও কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি SIC-এর নির্ধারিত পাঁচটি পর্যায়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তাঁদের SIC-এর বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। বিকশিত ভারত গঠনে তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও দক্ষতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি তিনি পঞ্চকোষ বিকাশের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাঁদের বিভিন্ন উন্নয়নমূলক ও উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  আই কিউ এ সির পরিচালক ড. কৃষ্ণ চন্দ্র দাস, শৈক্ষিক নিবন্ধক ড. নীলেন্দু ধর, রিসোর্স পার্সন ড. সৌমিত্র নাথ, ড. ফাতিমা জোহরা এবং ভূতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান চন্দন পাল চৌধুরী। অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. দীপরাজ চক্রবর্তী। এরপর শুরু টেকনিক্যাল সেশন। এই সেশ্যনে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন ড. সৌমিত্র নাথ। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী মানসিকতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং দক্ষতা বিকাশের প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি বিকশিত ভারত গঠনে তাঁদের সক্রিয় ভূমিকা পালনের বার্তা দেওয়া হয়।

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও গবেষণামূলক দক্ষতা বিকাশের লক্ষ্যে একটি কার্যক্রম নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এতে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহ, স্বল্পব্যয়ে প্রোটোটাইপ তৈরি ও পরীক্ষার মাধ্যমে বাস্তবসম্মত সমাধান উদ্ভাবনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা, জল সংরক্ষণ, নবায়নযোগ্য শক্তি, কৃষি ও স্বাস্থ্য এবং ভারতীয় জ্ঞানচর্চার মতো বিষয়কে প্রকল্পের সম্ভাব্য ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি প্রকল্পের প্রতিবেদন প্রস্তুতি, তথ্য বিশ্লেষণ, গবেষণার নৈতিকতা এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনাও শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। এরপর স্কুল পড়ুয়ারা একে একে নৃতত্ব বিভাগ, বায়োটেকনোলজি বিভাগ, রসায়ন বিভাগ, ভুতত্ব বিভাগ ও জীব বিজ্ঞান বিভাগ পরিদর্শন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *