আসাম বিশ্ববিদ্যালয়ে দু’দিনের আন্তর্জাতিক আলোচনাচক্র ও সাহিত্য উৎসব

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : সাহিত্য, সংস্কৃতি ও অভিন্ন মানবতার ভবিষ্যৎ নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল দু’দিনের আন্তর্জাতিক আলোচনাচক্র ও সাহিত্য উৎসব। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ডায়ালগস অ্যাক্রস বর্ডার্স’ শীর্ষক এই আন্তর্জাতিক অনুষ্ঠানে ইতালি, সুইজারল্যান্ড, স্পেন, যুক্তরাজ্য, উরুগুয়ে ও বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক এই আয়োজনে ইতালি থেকে সাবরিনা দে কানিও, সুইজারল্যান্ড থেকে লুসিয়া ট্রাপাজ্জো, স্পেন থেকে বালবিনা প্রিয়র বারবারোজা ও অ্যানাবেল গ্ল্যাডিস ভিলার সুয়ারেজ, যুক্তরাজ্য থেকে আদনান আল-সায়েঘ এবং উরুগুয়ে থেকে জুলিও সিজার পাভানেত্তি গুতিয়েরেজ যোগ দেন। বাংলাদেশ থেকে অংশ নেন আমিনুর রহমান। এছাড়া বেঙ্গালুরু থেকে উপস্থিত ছিলেন ড. রেশমা রমেশ।

বুধবার বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল অডিটোরিয়ামে অফলাইন পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ১৯ নভেম্বর অনলাইনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিনের আলোচনা পর্ব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অশোক সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুমন গুণ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিভাগের অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক রমাকান্ত দাস, অধ্যাপক রিন্টু দাস এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক অনুপ কুমার দে। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা বিভাগের অধ্যাপক অর্জুনদেব সেনশর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *