দিল্লিতে ত্রিপুরার ছাত্রছাত্রীদের মিলনমেলা, উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন টিএসএফডি-র ২২তম নবীন বরণ উৎসব

Spread the news

১৮ নভেম্বর : দিল্লিতে বসবাসরত ত্রিপুরার শিক্ষার্থী ও যুবসমাজের মিলনমেলায় পরিণত হলো ‘ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, দিল্লি’ (টিএসএফডি) আয়োজিত ২২তম নবীন বরণ উৎসব ২০২৬। মঙ্গলবার দিল্লির ঐতিহ্যবাহী শংকর লাল হলে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই অনুষ্ঠান। ত্রিপুরার নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে রাজধানী দিল্লির মঞ্চে তুলে ধরার পাশাপাশি ভিনরাজ্যে বসবাসরত ছাত্রছাত্রীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের এক অনন্য নজির সৃষ্টি করে এই উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তিপ্রামথা দলের জনপ্রিয় নেতা রঞ্জিত দেববর্মা। তিনি ত্রিপুরার ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, পড়াশোনা কিংবা কর্মসূত্রে ভিনরাজ্যে বসবাস করলেও নিজেদের শিকড়, মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে কখনও বিস্মৃত হওয়া উচিত নয়। ঐক্যবদ্ধ থেকে শিক্ষার পাশাপাশি সমাজের কল্যাণেও ছাত্রছাত্রী ও যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাজধানী দিল্লিতে ত্রিপুরার কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক।

অনুষ্ঠানে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বিশেষভাবে নজর কাড়েন দিল্লিতে বসবাসরত বিপুল সংখ্যক তিপ্রাসা সম্প্রদায়ের ছাত্রছাত্রী ও যুবক-যুবতীরা। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে উৎসবে অংশগ্রহণ করেন।

এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ত্রিপুরার ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশনা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ত্রিপুরার সমৃদ্ধ লোকসংস্কৃতি ও শিল্পকলাকে দিল্লির মঞ্চে তুলে ধরেন। তাঁদের পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

ভিনরাজ্যে থেকেও নিজেদের মাতৃভাষা, কৃষ্টি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এই প্রয়াস উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে টিএসএফডি-র ২২তম নবীন বরণ উৎসব দিল্লিতে বসবাসরত ত্রিপুরার শিক্ষার্থী ও যুবসমাজের মধ্যে ঐক্য ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *