শিলচরে অ্যাকশন মুডে কাছাড় পুলিশ, হেলমেটবিহীন বাইক-স্কুটি চালকসহ আটক ৩০

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পরই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল কাছাড় পুলিশ। কাজিরাঙায় ভয়াবহ পথ দুর্ঘটনার পর রাজ্যজুড়ে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে শুরু হয়েছে বিশেষ অভিযান। রাজ্যের অন্যান্য শহরের পাশাপাশি শিলচরেও হেলমেটবিহীন বাইক ও স্কুটি চালক এবং মোটরযান আইন (এমভিআই অ্যাক্ট) লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন।

এই অভিযানে শুধু যানবাহন আটক করেই ক্ষান্ত থাকছে না পুলিশ। হেলমেট ছাড়া বাইক ও স্কুটি চালানোর অভিযোগে চালকদেরও আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আটক যানবাহনের পাশাপাশি চালকদেরও পুলিশের হেফাজতে রাখা হচ্ছে। জানা গেছে, অভিযানে আটক বাইক-স্কুটি এবং চালকদের ২৪ ঘণ্টা থানায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে শিলচরের ইন্ডিয়া ক্লাব এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর শহরের অন্যান্য এলাকাতেও অভিযান অব্যাহত রাখা হয়।

পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পুলিশের এই অভিযানে শহরের যানবাহন চালকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *