বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : শিলচর পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ আশ্রম রোডের রাধাগোবিন্দ লেনের বাসিন্দা জিৎ দাস ও সঞ্জিত দাসের বিরুদ্ধে ওঠা মারধর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ খণ্ডন করেছে তাঁদের পরিবার। সোমবার সকালে সংবাদমাধ্যমের সামনে উপস্থিত হয়ে এ বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন জিৎ দাসের মা সীতারানি দাস এবং সঞ্জিত দাসের বাবা অর্জুন দাস ও মা সুজনা দাস।
পরিবারের সদস্যদের অভিযোগ, গত বুধবার গভীর রাতে কালীপুজোর আলোকসজ্জার কাজ সেরে বাড়ি ফেরার পথে বাড়ির টিনের চাল লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এই ঘটনায় সন্দেহের বশে জিৎ দাসকে মারধর করা হয় বলে অভিযোগ। এতে তিনি অচেতন হয়ে পড়েন। একই সঙ্গে তাঁর মাকেও নাকে আঘাত করা হয়েছে বলে দাবি পরিবারের।

এদিকে, এই ঘটনার পর প্রদীপ দাসের স্ত্রী রীতা দাস ন্যাশনাল হাইওয়ে থানায় মারধর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। অন্যদিকে, পাল্টা অভিযোগ জানিয়ে জিৎ দাসের পরিবারের পক্ষ থেকেও শিলচর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরিবারের দাবি, জিৎ দাসের বয়স মাত্র ১৬ বছর এবং সঞ্জিত দাসের বয়স ১৫ বছর। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসমক্ষে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মা এবং জেলা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপযুক্ত বিচার ও ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন তাঁরা।



