বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : কাঁধে মাদল তুলে আদিবাসী সংস্কৃতির সঙ্গে একাত্ম হলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মাদলের তালে আদিবাসী সমাজের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি তাঁদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার আশ্বাসও দিলেন তিনি।
বীর বিরসা মুণ্ডার ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে কাছাড় জেলার রাজপুর চা বাগানের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে এমনই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন উপস্থিত জনতা। অসম মুন্ডা মহাসভার কাছাড় জেলা সমিতি এবং কাছাড় জেলা মুণ্ডা মহিলা সমিতির যৌথ উদ্যোগে ১৪ ও ১৫ নভেম্বর দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বীর বিরসা মুণ্ডার মূর্তি উন্মোচন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, প্রতিমূর্তির স্থানে ওঠার জন্য সিঁড়ি নির্মাণের পাশাপাশি একটি সুন্দর মঞ্চ তৈরি করে দেওয়ার দায়িত্ব তিনি গ্রহণ করছেন। তবে এই কাজ সম্পন্ন করতে কিছুটা সময় দেওয়ার জন্য তিনি সকলের কাছে আবেদন জানান। প্রতিমূর্তিকে কেন্দ্র করে একটি সুপরিকল্পিত পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। যাতে সাধারণ মানুষ সেখানে এসে বসতে পারেন এবং সময় কাটাতে পারেন। পাশাপাশি বীর বিরসা মুন্ডার জীবনাদর্শ, সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা ও সংগ্রামের ইতিহাস লিখিত আকারে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন বিধায়ক। এর মাধ্যমে আগামী প্রজন্ম তাঁর জীবন ও আদর্শ সম্পর্কে জানতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে, অসম মুণ্ডা মহাসভার কাছাড় জেলা সমিতির সভাপতি তুতন মুন্ডা সংবাদমাধ্যমের কাছে বক্তব্য রাখতে গিয়ে দু’দিনের অনুষ্ঠানের কর্মসূচি ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি জানান, বীর বিরসা মুণ্ডর মূর্তি উন্মোচন ও ১৫১তম জন্মজয়ন্তী উদযাপনের পাশাপাশি আদিবাসী সমাজের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং নিজস্ব রীতিনীতি ও ঐতিহ্য সংরক্ষণ নিয়ে বিভিন্ন আলোচনা ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উদ্যোগে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম মুন্ডা মহাসভার কাছাড় জেলা সমিতির সভাপতি তুতন মুণ্ডা, নিরাপদ দেব, সুব্রত চক্রবর্তী, রায়শ্বরপুর জিপির সভানেত্রী মমি দাস, নমিতা দাস, শ্যামল মুণ্ডা, ফণী মুণ্ডা, প্রতাপ মুণ্ডা, বুদ্ধদেব মুণ্ডা, ম্যাগধাত মুণ্ডা, বিকক মুণ্ডা, বিপুল কুর্মি, চন্দন কর্মকার, দোলেতিয়া উরাং, অশোক দাস ও মিন্টু চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বীর বিরসা মুণ্ডা ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও শোষণের বিরুদ্ধে আদিবাসী সমাজের অন্যতম মহান সংগ্রামী নেতা। তাঁর আত্মত্যাগ, সংগ্রাম ও সমাজের প্রতি অবদানকে স্মরণ করে দেশজুড়ে পালিত হয় জনজাতীয় গৌরব দিবস। রাজপুর চা বাগানে তাঁর প্রতিমূর্তি স্থাপন এবং পার্ক গড়ে তোলার পরিকল্পনা আদিবাসী সমাজের ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের স্মৃতি আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।



