শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : ছটপুজোর প্রস্তুতি চলাকালীন বরাক নদীর ঘাট থেকে উদ্ধার হল একটি শিবলিঙ্গ। শনিবার বিকেলে কাছাড় জেলার বদরপুরঘাটে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। জানা গেছে, রবিবার ছটপুজো উপলক্ষে বদরপুরঘাটে বিশেষ প্রস্তুতি চলছিল। পুজোর আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে নদীর তীরবর্তী এলাকা পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন আয়োজক কমিটির সদস্যরা। সেই সময় নদীর জলে হঠাৎ শক্ত কোনও বস্তুর অস্তিত্ব অনুভব করেন তাঁরা। কৌতূহলবশত সেটি নদীর তলদেশ থেকে তুলে আনতেই দেখা যায়, বস্তুটি আসলে একটি শিবলিঙ্গ।

নদীর ঘাট থেকে শিবলিঙ্গ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়। বিষয়টিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আগ্রহ দেখা দিয়েছে।

আয়োজক সমিতির পক্ষ থেকে জানা গেছে, উদ্ধার হওয়া শিবলিঙ্গটি যথাযথ মর্যাদায় সংরক্ষণ করার পাশাপাশি ভবিষ্যতে সেটি প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। ছটপুজোর প্রস্তুতির মাঝে বরাক নদীর ঘাটে এই শিবলিঙ্গ উদ্ধারের ঘটনা এলাকায় এক বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে।



