শিশু দিবসের মঞ্চে বিরোধীদের নিশানা সাংসদ পরিমল শুক্লবৈদ্যের, নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : শিশু দিবস ও স্কুল দিবস উদযাপন অনুষ্ঠানের মঞ্চ থেকে নাম না করেই বিরোধীদের কটাক্ষ করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। একসময় দেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা ব্যক্তিও নিজের নাম পর্যন্ত দস্তখত করতে জানতেন না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দেশে এবং রাজ্যে শিক্ষার মানদণ্ডের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলেও দাবি করেন সাংসদ।

শনিবার শিশু দিবস উপলক্ষে বড়খলার ডলুতে অবস্থিত সেন্ট ফ্রান্সিস অব আসিসি স্কুলে আয়োজিত শিশু দিবস কাম স্কুল ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বড়খলার বিধায়ক কিশোর নাথ। বক্তব্য রাখতে গিয়ে শিশুদের গুরুত্ব তুলে ধরে সাংসদ বলেন, শিশুরা দেবতার সমান। তাদের সঠিক শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক বিকাশ নিশ্চিত করা সমাজ তথা সরকারের অন্যতম দায়িত্ব।

দেশের শিক্ষাব্যবস্থার অতীত ও বর্তমান পরিস্থিতির তুলনা করে তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘদিন পর্যন্ত দেশে শিক্ষার হার আশানুরূপ ছিল না। একসময় বহু পরিবার শিশুদের বিভিন্ন শ্রমের কাজে নিয়োজিত করত। বিশেষ করে কন্যাসন্তানদের শিক্ষার ক্ষেত্রেও যথাযথ গুরুত্ব দেওয়া হতো না। পরবর্তীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে সর্বশিক্ষা অভিযান চালু হওয়ার পর দেশের শিক্ষাক্ষেত্রে নতুন দিশা তৈরি হয়। এরপর ধারাবাহিকভাবে শিক্ষার প্রসার ঘটেছে এবং ভারতীয় শিক্ষাব্যবস্থা আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিচিতি লাভ করেছে বলে দাবি করেন তিনি।

বিরোধীদের নাম উল্লেখ না করে সাংসদ বলেন, একটা সময় এমনও ছিল, যখন দেশের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা ব্যক্তিও নিজের নাম পর্যন্ত দস্তখত করতে জানতেন না। তবে বর্তমানে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে শিক্ষার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাঁর কথায়, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগানের মাধ্যমে কন্যাসন্তানদের শিক্ষা ও অধিকার সুনিশ্চিত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে সরকার বিপুল অর্থ বরাদ্দ করছে বলেও উল্লেখ করেন তিনি।

শিশুদের পুষ্টি ও সুস্বাস্থ্যের বিষয়টিও বক্তব্যে গুরুত্ব পায়। সাংসদ বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে মধ্যাহ্নভোজনের মতো বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মাধ্যমে ছোট শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও প্রাথমিক পরিচর্যার ব্যবস্থা করা হচ্ছে।

শিশু অধিকার, যৌন নিপীড়ন এবং শিশুশ্রমের মতো বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিমল শুক্লবৈদ্য দাবি করেন, আগের তুলনায় বর্তমানে এ ধরনের ঘটনা অনেকটাই কমেছে। শিশুদের সুরক্ষা ও সার্বিক যত্ন নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বড়খলার বিধায়ক কিশোর নাথও শিশুদের সার্বিক বিকাশে রাজ্য সরকারের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে অসমে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক বিকাশের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ চলছে। শিশুদের নিরাপত্তা থেকে শুরু করে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার প্রতিটি ক্ষেত্রেই রাজ্য সরকার তৎপর রয়েছে বলে দাবি করেন বিধায়ক।

সেন্ট ফ্রান্সিস অব আসিসি স্কুলের অধ্যক্ষ ফাদার জন পিটার, স্কুল পরিচালন সমিতি, পিটিএ সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পড়ুয়াদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিশু দিবসের পাশাপাশি স্কুল দিবসও উদযাপন করা হয়। শিশুদের শিক্ষা, অধিকার ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বার্তার পাশাপাশি সাংসদ পরিমল শুক্লবৈদ্যের নাম না করে বিরোধীদের উদ্দেশে করা রাজনৈতিক মন্তব্যই এদিনের অনুষ্ঠানে বিশেষ আলোচনার বিষয় হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *