জাতীয় সড়কে উল্টে গেল বোলেরো, চালকসহ আহত চার, রয়েছে দুই শিশু

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : ৩০৬ নম্বর জাতীয় সড়কে ফের সড়ক দুর্ঘটনা। চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল একটি মহেন্দ্রা বোলেরো গাড়ি। এই দুর্ঘটনায় চালকসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে দুই শিশু। শনিবার দুপুর আনুমানিক ১টা নাগাদ কাছাড় জেলার ধলাইয়ের নরসিংহপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ভাগা বাজার থেকে শিলচরের দিকে যাওয়ার পথে ৩০৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত বোলেরো গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। মুহূর্তের মধ্যেই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের তৎপরতায় গাড়ির ভিতরে থাকা আহতদের উদ্ধার করা হয়। পরে তাঁদের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

তবে কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *