বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গের সিতাই বিধানসভা কেন্দ্রের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ৬/১৫০ নম্বর বুথ এলাকা। এই ঘটনায় বিজেপির বুথ সভাপতি বৃন্দাবন দাস-সহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে বৃন্দাবন দাস বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিসর্জনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান সংশ্লিষ্ট বুথের বিজেপি সভাপতি বৃন্দাবন দাস ও তাঁর কয়েকজন সহকর্মী। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী মন্তেশ্বর বর্মন-সহ কয়েকজন তাঁদের উপর হামলা চালান। এতে বিজেপি বুথ সভাপতি-সহ একাধিক ব্যক্তি আহত হন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত বৃন্দাবন দাসকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, আহত বিজেপি কর্মী দীপঙ্কর দাসের অভিযোগ, মহেশের পাট এলাকায় বিসর্জনকে কেন্দ্র করে মন্তেশ্বর বর্মন, কামিনী রায়, বাদল বর্মন, মিনাল কান্তি রায় ও গণেশ রায়-সহ একাধিক ব্যক্তি তাঁদের উপর হামলা চালান। তাঁর দাবি, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। আত্মরক্ষার চেষ্টা করার সময় ধারালো অস্ত্রের আঘাতে তাঁর একটি আঙুল কেটে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে মাতালহাট এলাকায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে। বিসর্জনের মতো ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ওঠায় এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



