বরাক তরঙ্গ, ৩০ মে : শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে এক বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে একটি ব্যক্তিগত গাড়ি। ঘটনাটি ঘটেছে নিলামবাজার এলাকার ঘোড়ামারা গ্রামে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।
জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়িতে চালকসহ মোট তিনজন ছিলেন। তাঁদের মধ্যে চালকের স্ত্রী ও বোনও উপস্থিত ছিলেন। গাড়িটি পুকুরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের তৎপরতায় গাড়ির ভেতরে আটকে পড়া তিনজনকেই নিরাপদে বের করে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয়দের দ্রুত পদক্ষেপ না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তবে কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সৌভাগ্যবশত তিনজনই প্রাণে রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।



