জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : আগামী ১ জানুয়ারি, ২০২৭-কে যোগ্যতা নির্ণায়ক তারিখ হিসেবে নির্ধারণ করে হাইলাকান্দি জেলার ১২১-হাইলাকান্দি এবং ১২২-আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা ২০২৭ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় সংশ্লিষ্ট নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের (ERO) উপস্থিতিতে এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে, নির্বাচন আধিকারিক এন রণবীর সিংহ, জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক ড. রাজ প্রসন্ন আলেমান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকরা।

সরকারি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২১-হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ২৮১টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৩ হাজার ৬৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৪ হাজার ২২৫ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৯ হাজার ৪৬১ জন। এই কেন্দ্রে ১৮ ও ১৯ বছর বয়সী ৩ হাজার ১৮৪ জন নবীন ভোটার এবং ৮৫ বছর ও তদূর্ধ্ব বয়সের ৭০১ জন প্রবীণ ভোটার রয়েছেন।
অন্যদিকে, ১২২-আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের ৩৪২টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৮০ হাজার ৭০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৬ হাজার ৭০৩ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ৯৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। এই কেন্দ্রে ১৮ থেকে ১৯ বছর বয়সী ৩ হাজার ৮৩০ জন নবীন ভোটার এবং ৮৫ বছর ও তদূর্ধ্ব বয়সের ৭০৪ জন প্রবীণ ভোটার নথিভুক্ত হয়েছেন।

দুই বিধানসভা কেন্দ্র মিলিয়ে হাইলাকান্দি জেলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪ হাজার ৩৯০ জন। জেলার মোট ৬২৩টি ভোটগ্রহণ কেন্দ্রে এই ভোটাররা নথিভুক্ত হয়েছেন।
প্রকাশিত খসড়া সচিত্র ভোটার তালিকা সংশ্লিষ্ট দুই বিধানসভা কেন্দ্রের নির্বাচনী নিবন্ধন আধিকারিকের কার্যালয়, স্থানীয় ভোটগ্রহণ কেন্দ্র এবং বুথ লেভেল অফিসারদের (BLO) কাছে অফিস চলাকালীন সময়ে পরিদর্শনের জন্য উপলব্ধ থাকবে। এছাড়া ভারতের নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইট https://voters.eci.gov.in/ থেকেও নাগরিকরা খসড়া ভোটার তালিকার সফট কপি (ছবি ছাড়া) দেখতে ও ডাউনলোড করতে পারবেন।

খসড়া ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধন বা অন্য কোনও বিষয়ে দাবি ও আপত্তি আগামী ১২ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে অনলাইনে নির্বাচন কমিশনের পোর্টালের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের কাছে জমা দেওয়া যাবে।



