বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : শিলচর পুরনিগমের প্রথম সভায় তিন প্রাক্তন বিধায়ককে মঞ্চে আসন প্রদান না করার বিষয়টি নিয়ে রাজ্য সরকারের মুখ্য সচিবের কাছে প্রশাসনিক ব্যাখ্যা চাইলেন শিলচরের আইনজীবী ধর্মানন্দ দেব।
আজ প্রথমে তিনি সামাজিক মাধ্যমে রাজ্য সরকারের মুখ্য সচিবের উদ্দেশ্যে একটি খোলা চিঠি প্রকাশ করেন। পরবর্তীতে পৃথক পৃথক ই-মেলের মাধ্যমে মুখ্য সচিব, কাছাড়ের জেলাশাসক এবং শিলচর পুরনিগমের কমিশনারের কাছে তাঁর পত্র পাঠান।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত শিলচর পুরনিগমের প্রথম সভায় প্রাক্তন বিধায়ক তথা অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ কুমার পাল, শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং উদারবন্দের প্রাক্তন বিধায়ক মিহির কান্তি শোমকে মঞ্চে আসন দেওয়া হয়নি বলে তাঁর চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
ধর্মানন্দ দেব তাঁর পত্রে জানতে চেয়েছেন, ওই অনুষ্ঠানে মঞ্চের আসন বিন্যাস নির্ধারণ ও অনুমোদনের দায়িত্ব কোন কর্তৃপক্ষের ছিল, গৃহ ও নগর বিষয়ক দপ্তর (DoHUA) এ বিষয়ে কোনও নির্দিষ্ট প্রোটোকল নির্দেশিকা জারি করেছিল কি না এবং তিন প্রাক্তন বিধায়ককে মঞ্চে স্থান না দেওয়ার সিদ্ধান্ত কোনও নির্ধারিত সরকারি প্রোটোকল অনুযায়ী নেওয়া হয়েছিল, নাকি আয়োজক কর্তৃপক্ষের প্রশাসনিক সিদ্ধান্ত ছিল।
এছাড়াও, এ ধরনের সরকারি পুরনিগমের অনুষ্ঠানে প্রোটোকল যথাযথভাবে পালনের দায়িত্ব কোন কর্তৃপক্ষের, সে বিষয়েও মুখ্য সচিবের কাছে স্পষ্টীকরণ চেয়েছেন তিনি।

তাঁর বক্তব্য, শিলচর পুরনিগমের প্রথম সভা একটি ঐতিহাসিক ও গণতান্ত্রিক তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান। বর্তমান রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রাক্তন জনপ্রতিনিধিদের যথাযথ মর্যাদা প্রদান গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সম্মান এবং প্রশাসনিক রীতিনীতির সঙ্গে সম্পর্কিত।
ধর্মানন্দ দেব স্পষ্ট করেছেন, তাঁর এই পত্র কোনও ব্যক্তিবিশেষকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে নয়। বরং সরকারি প্রোটোকল পালনের ক্ষেত্রে প্রশাসনিক স্বচ্ছতা, দায়বদ্ধতা ও সামঞ্জস্য নিশ্চিত করার স্বার্থেই তিনি বিষয়টি উত্থাপন করেছেন।

উল্লেখ্য, পুর নিগমের প্রথম সভার মঞ্চে না ডাকায় মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ক্ষোভ ব্যক্ত করে একটি পোস্ট শেয়ার করে ছিলেন।



