হাইকোর্টের স্থগিতাদেশের পর আসাম বিশ্ববিদ্যালয়ে ফিরলেন উপাচার্য রাজীব মোহন পন্থ, আবেগঘন সংবর্ধনায় মুখর ক্যাম্পাস

Spread the news

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : উপাচার্য পদে নিয়োগ সংক্রান্ত মামলায় গৌহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশের পর বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ে ফিরলেন অধ্যাপক রাজীবমোহন পন্থ। তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয় এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ। তাঁকে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে গোলাপ ফুল ও অসমের ঐতিহ্যবাহী গামছা নিয়ে আগে থেকেই অপেক্ষায় ছিলেন বেশ ক’জন শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রী। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরাও।

উপাচার্য অধ্যাপক পন্থের গাড়ি বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে পৌঁছতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সকলে। গোলাপ ফুল ও গামছা দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। সেই সঙ্গে ওঠে ‘ভারত মাতা কি জয়’ এবং ‘ভিসি স্যার জিন্দাবাদ’ ধ্বনি। দীর্ঘ আইনি অনিশ্চয়তার পর তাঁর বিশ্ববিদ্যালয়ে প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে উপস্থিত শিক্ষক, শিক্ষাকর্মী ও পড়ুয়াদের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস এদিন বিশেষভাবে নজর কাড়ে।

এরপর ছাত্রনেতা শুভম রায়, এবিভিপি নেতা মুকুন্দ কুমার, নির্মল দেবনাথ, আরএসএসের স্বয়ংসেবক অসীম বিশ্বাসের নেতৃত্বে মিছিলের মধ্য দিয়ে অধ্যাপক পন্থকে নিয়ে যাওয়া হয় প্রশাসনিক ভবনে। সেখানে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ, ফিনান্স অফিসার ড. শুভদীপ ধর-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক রাজীব মোহন পন্থের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলায় একক বিচারপতির রায়ের বিরুদ্ধে তিনি ডিভিশন বেঞ্চে আপিল করেন। গত ৩ নভেম্বর গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি আশুতোষ কুমার ও বিচারপতি কৌশিক গোস্বামীর বেঞ্চ একক বিচারপতির পূর্ববর্তী রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। এর ফলে আপাতত উপাচার্য পদে বহাল রয়েছেন অধ্যাপক পন্থ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৫ জানুয়ারি।

আদালতের এই নির্দেশের পর তাঁর বিশ্ববিদ্যালয়ে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এদিনের সংবর্ধনা নিছক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি। বরং শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জয়ধ্বনিতে স্পষ্ট হয়ে ওঠে দীর্ঘ অনিশ্চয়তার পর উপাচার্যের প্রত্যাবর্তনকে ঘিরে ক্যাম্পাসের একাংশের আবেগ ও উচ্ছ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *