সম্মিলিত লোকমঞ্চের বিজয়া সম্মিলনীতে সাংস্কৃতিক উৎসব

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে বুধবার সন্ধ্যায় শিলচর পার্ক রোডের সঙ্গীত বিদ্যালয়ের মুকুন্দ দাস-কালিকাপ্রসাদ স্মৃতি মঞ্চে বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক নিখিল পাল, সাধন পুরকায়স্থ, নৃত্যশিল্পী নন্দিনী চক্রবর্তী, সংগঠনের সভাপতি ডাঃ অপ্রতিম নাগ, সম্পাদক ভাস্কর দাস এবং সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিখিল পাল ধামাইল-সহ বরাকের লোকসংস্কৃতি সংরক্ষণ ও প্রসারে সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনেও এ ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন তিনি। সাধন পুরকায়স্থ বলেন, বিজয়া সম্মিলনীর মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা।

সভাপতির বক্তব্যে ড. অপ্রতিম নাগ স্বল্প সময়ের প্রস্তুতি সত্ত্বেও শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনার প্রশংসা করেন। পাশাপাশি ১৯৪০ সালে সরকারি বিদ্যুৎ পরিষেবা চালুর আগে বরদাকান্ত দাসের ব্যক্তিগত উদ্যোগে বিসর্জনের শোভাযাত্রা আলোকিত করার ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের সম্পাদক ভাস্কর দাসের বিশেষ ঘোষণা। তিনি জানান, আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর শিলচর চিলড্রেনস পার্কে বরাক উপত্যকাভিত্তিক ‘ধামাইল উৎসব’ এবং ‘ধামাইল নৃত্য প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে। এই উৎসবে অংশগ্রহণের জন্য আগ্রহী দলগুলিকে সংগঠনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা ও পাশে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে রেইনবো ডান্স স্কুলের ক্ষুদে শিল্পীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সংগীত পরিবেশন করেন স্বস্তিক চক্রবর্তী, রিতিজা চক্রবর্তী, শুক্লা নাথ, অমিতা নাথ, সীমা পুরকায়স্থ, রিঙ্কু চৌধুরী, গৌতম সিনহা, গৌরীশঙ্কর নাথ, জলসা নাথ, জুয়েল নাথ, জয়শ্রী নাথ ও জলি শুক্লবৈদ্য। মঙ্গলা নাথের পরিচালনায় সমবেত সংগীত এবং সুরমাল্লার পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। এছাড়া ছন্দে-ছন্দে মিউজিক একাডেমি, দুগ্ধপাতিল নৃত্য একাডেমি ও পঞ্চানন কলা নিকেতনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। যন্ত্রসংগীতে তবলায় বিশ্বজিৎ দেব এবং দোতারায় সুদর্শন নাথ সহযোগিতা করেন।

এদিন শিলচর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ভক্তি সেন তালুকদার এবং ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমনা দাসকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। সংগঠনের বরিষ্ঠ সদস্য দীপক নাথ, পূর্ণেন্দু শেখর দেবনাথ, অসীম ভট্টাচার্য ও পরিতোষ চক্রবর্তী তাঁদের বরণ করে নেন।
অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি শান্তনু রায়, গৌরীশঙ্কর নাথ, গৌতম সিনহা, রসরাজ দাস, সহসভানেত্রী মঙ্গলা নাথ, কোষাধ্যক্ষ ঝিমলি নাথ-সহ বহু সদস্য ও বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশিস পুরকায়স্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *