প্রথম দিন মঞ্চ মাতাবেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুণাল গাঞ্জাওয়ালা, দ্বিতীয় দিনে মধুবন্তী বাগচি; নতুন সংযোজন ‘উইংস অব জাটিঙ্গা’ সৌন্দর্য প্রতিযোগিতা
বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : পর্যটনের মরসুমে নতুন আঙ্গিকে সেজে উঠছে ডিমা হাসাওয়ের অন্যতম আকর্ষণীয় সাংস্কৃতিক উৎসব জাটিঙ্গা ফেস্টিভ্যাল ২০২৬। আগামী ২১ ও ২২ নভেম্বর দু’দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। ডিমা হাসাও ট্যুর অ্যান্ড ট্রাভেল কমিটির উদ্যোগে আয়োজিত এ বারের উৎসবে থাকছে একাধিক নতুন চমক। বদল আনা হয়েছে উৎসবের স্থানেও। এত দিন হাইয়ামে উৎসবের আয়োজন করা হলেও এ বার হাইয়ামের ঠিক বিপরীত দিকে নতুন ভেন্যুতে বসবে উৎসবের আসর।
এ বারের উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পীরা। আগামী ২১ নভেম্বর প্রথম দিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন বলিউডের পরিচিত প্লেব্যাক গায়ক কুণাল গাঞ্জাওয়ালা। অন্যদিকে, ২২ নভেম্বর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে দর্শকদের মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী মধুবন্তী বাগচি-সহ অন্যান্য শিল্পীরা। দুই দিনই থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের আয়োজন।

সঙ্গীতের পাশাপাশি এ বার উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হচ্ছে ‘উইংস অব জাটিঙ্গা’ নামে সৌন্দর্য প্রতিযোগিতা। এর মাধ্যমে স্থানীয় তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং তাঁদের সামাজিকভাবে আরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে চান আয়োজকেরা।

পর্যটকদের সুবিধার্থে যাতায়াত ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের মতে, সাম্প্রতিক সময়ে ডিমা হাসাওয়ের সড়ক যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গুয়াহাটি থেকে বিমানে প্রায় ৩৫ মিনিটে শিলচর পৌঁছে সেখান থেকে সড়কপথে প্রায় দেড় ঘণ্টায় উৎসবস্থলে যাওয়া সম্ভব। পাশাপাশি দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে অতিরিক্ত বাস পরিষেবা চালুর পরিকল্পনা নিয়েছে ডিমা হাসাও স্বশাসিত পরিষদ।

নতুন আয়োজন, তারকা শিল্পীদের উপস্থিতি এবং পর্যটকদের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা—সব মিলিয়ে জাটিঙ্গা ফেস্টিভ্যাল ২০২৬-কে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হয়েছে। এই উৎসব ডিমা হাসাওয়ের পর্যটন শিল্পকে আরও জনপ্রিয় করে তুলবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।



