হাইলাকান্দিতে ১২ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক এক

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় শাহা আলম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতের বাড়ি হাইলাকান্দি জেলার নিতাইনগর তৃতীয় খণ্ড এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর ধৃত শাহা আলমের নিতাইনগর তৃতীয় খণ্ডে অবস্থিত বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এই অভিযানে সব মিলিয়ে ১২ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, মাদক পাচারের কাজে ব্যবহারের অভিযোগে একটি আল্টো গাড়িও জব্দ করেছে পুলিশ। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর AS 24 A 3213। গাড়িটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। মাদক পাচারের নেটওয়ার্কের শিকড় পর্যন্ত পৌঁছাতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *