দিল্লিতে জুতোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৪ শ্রমিক

Spread the news

৩১ অক্টোবর : দিল্লির মঙ্গলপুরী শিল্প তালুকের একটি জুতোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে চার শ্রমিকের। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ মঙ্গলপুরীর ফেজ-১এ এলাকার ওই কারখানায় আগুন লাগে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি দমকল বিভাগের ২০টি ইঞ্জিন। দমকলকর্মীদের কয়েক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা আশপাশের অন্যান্য কারখানায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে দমকলকর্মীদের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর কারখানার তৃতীয় তলার সিঁড়ি থেকে এক শ্রমিককে এবং চতুর্থ তলা থেকে আরও পাঁচজন কর্মীকে উদ্ধার করা হয়। আহতদের দ্রুত সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই শ্রমিকের চিকিৎসা চলছে।

ঘটনা প্রসঙ্গে পুলিশের ডিসি বিক্রম সিং জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। কারখানার মালিককে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ছাড়া, অগ্নিকাণ্ডের সময় কারখানার ভিতরে কতজন শ্রমিক উপস্থিত ছিলেন, তা জানার জন্য ঠিকাদার ও অন্যান্য কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *