বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : গুয়াহাটির বরা সার্ভিস এলাকার বিলাস ইন হোটেলে গুলিচালনার ঘটনায় পাঁচজনের মৃত্যুর পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার তিনসুকিয়ায় উপস্থিত থাকার সময় ঘনকান্ত গগৈয়ের ব্যবহৃত পিস্তল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, পিস্তলটি অসম সরকার দেয়নি, বরং নাগাল্যান্ড সরকার দিয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের দেওয়া বন্দুক নয়, নাগাল্যান্ড সরকার দিয়েছে। তারা কী পরিস্থিতিতে বন্দুকটি দিয়েছিল, তা খতিয়ে দেখতে হবে। এটি অসম সরকারের দেওয়া বন্দুক নয়।”

উল্লেখ্য, গুয়াহাটির ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত .৩২ বোরের পিস্তলটি নাগাল্যান্ড থেকে আনা হয়েছিল বলে জানা গিয়েছে। পিস্তলটির লাইসেন্স নাগাল্যান্ডের কিফিরি জেলা থেকে নেওয়া হয়েছিল এবং তার মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত ছিল বলে সূত্রের খবর।
সোমবার ওই পিস্তল ব্যবহার করেই পাঁচজনকে হত্যা করে ঘনকান্ত গগৈ। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে কীভাবে পিস্তলটির লাইসেন্স দেওয়া হয়েছিল এবং কী পরিস্থিতিতে সেটি ঘনকান্তের হাতে এসেছিল, তা নিয়ে তদন্তের দাবি উঠছে।




