বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : কেন্দ্রীয় সতর্কতা কমিশনের (সিভিসি) নির্দেশিকা অনুসারে সতর্কতা সচেতনতা সপ্তাহ পালন করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) শিলচর সার্কেল অফিস। ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছর এই সপ্তাহ পালন করা হয়। সপ্তাহব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার, ২৮ অক্টোবর শিলচর শহরের প্রধান প্রধান সড়ক ধরে একটি সচেতনতামূলক ওয়াকাথনের আয়োজন করা হয়। পিএনবির শিলচর সার্কল অফিসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ব্যাঙ্কের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।ওয়াকাথনের নেতৃত্ব দেন পিএনবি শিলচর সার্কল অফিসের সার্কেল হেড তথা এজিএম সৌরভ কুমার এবং ব্যাঙ্কের এজিএম অজয় কুমার চৌধুরী।

এদিকে, আগামী ২৯ অক্টোবর পিএনবি শিলচর সার্কেল অফিসের উদ্যোগে কাছাড় ক্যান্সার হাসপাতাল, শিলচর এবং হৃদয় এনজিওর সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে। এই শিবিরে ব্যাঙ্কের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, সতর্কতা সচেতনতা সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হল সততা, স্বচ্ছতা ও জবাবদিহি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের মাধ্যমে জনসেবার মানসিকতাকে আরও শক্তিশালী করতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।



