সোনাইয়ে ‘খেল মহারণ ৩.০’-এর প্রস্তুতি সভা, ৭ নভেম্বর থেকে শুরু জিপি পর্যায়ের খেলা

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর: সোনাই পৌরসভা কার্যালয়ে বুধবার ‘খেল মহারণ ৩.০’-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধি, জেলা পরিষদের সদস্য, পৌরসভার ওয়ার্ড কমিশনার এবং ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় প্রতিযোগিতার সার্বিক পরিচালনার জন্য খেল মহারণ কমিটি পূর্ণাঙ্গভাবে গঠন করা হয়।

সোনাই বিধানসভা কেন্দ্রের ‘খেল মহারণ ৩.০’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম এই উদ্যোগ সফল করতে সহযোগিতার জন্য মন্ত্রী কৌশিক রাই-সহ শাসকদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সোনাই সমষ্টিতে এই ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হবে।

সাহারুল আলম বলেন, খেল মহারণের মাধ্যমে গ্রামাঞ্চলের নতুন ক্রীড়া প্রতিভা তুলে আনার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা সম্ভব হবে। এই প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়ার মানসিকতা ও উৎসাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, আগামী ৭ নভেম্বর থেকে গ্রাম পঞ্চায়েত (জিপি) ভিত্তিক প্রতিযোগিতা শুরু হবে। পরবর্তী পর্যায়ে বিধানসভা ভিত্তিক খেলার আয়োজন করা হবে। এরপর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সোনাইয়ের খেলোয়াড়রা যাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন, সেই লক্ষ্য সামনে রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রতিযোগিতার সফল আয়োজন ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেন খেল মহারণ কমিটির চেয়ারম্যান শেখ সাহারুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *