বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় থাং-টা (পুরুষ ও মহিলা) চ্যাম্পিয়নশিপ ২০২৬-২৭-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অংশগ্রহণ করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করে বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছে। গত ২৬ অক্টোবর থেকে মণিপুরের ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটিতে এই প্রতিযোগিতা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের FYIMP প্রথম সেমিস্টারের ছাত্রী রুমি সিংহ ফুনাবা আনিসুবা বিভাগে ৭২ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করেন। অন্যদিকে, দর্শন বিভাগের FYIMP প্রথম সেমিস্টারের ছাত্র এন.জি. মালেমঙ্গানবা সিংহ ফুনাবা আমাসুবা বিভাগে ৫০ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক জয় করেন।
উভয় খেলোয়াড়ের প্রশিক্ষক ছিলেন ই. দ্বিজেন্দ্র সিংহ। বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় দুই পদকজয়ী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী দুই প্রতিযোগীই পদক অর্জন করেছেন, যা অত্যন্ত গর্বের বিষয়।
দুই শিক্ষার্থীর এই কৃতিত্ব গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্রে সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করেছে। তাঁদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং প্রশিক্ষকের নিরলস প্রচেষ্টার ফলেই এই উল্লেখযোগ্য সাফল্য এসেছে।





