রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে সোমবার শিলচরে এসে বিভিন্ন মন্দির ও পুজোমণ্ডপ পরিদর্শন করলেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে তিনি রাজ্যবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে শিলচরের পুজোপ্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সোমবার সফরের শুরুতেই মুখ্যমন্ত্রী উধারবন্দের ঐতিহ্যবাহী কাঁচাকান্তি মন্দিরে উপস্থিত হন। সেখানে তিনি কাঁচাকান্তি মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে পূজা দেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। এরপর তিনি শিলচরের অন্যতম পরিচিত দুর্গাপুজো মিতালি সংঘ ক্লাবের পুজোমণ্ডপে যান। সেখানে দেবী দুর্গার দর্শন করার পাশাপাশি পুজো উদ্যোক্তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

এরপর মুখ্যমন্ত্রী শিলচর শহরের একাধিক বিগ বাজেটের দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শন করেন। পুজোর আবহে মুখ্যমন্ত্রীকে সামনে থেকে দেখতে পেয়ে সাধারণ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তাঁকে ঘিরে পুজোপ্রাঙ্গণে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। মহাষ্টমীর পুণ্যতিথিতে মুখ্যমন্ত্রীর এই মণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে বিভিন্ন পুজো কমিটির সদস্য ও উপস্থিত মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

মুখ্যমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অসম সরকারের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, সাংসদ কণাদ পুরকায়স্থ, বিধায়ক রাজদীপ রায়, কিশোর নাথ, ডাঃ রাজদীপ রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মহাষ্টমীর দিনে মুখ্যমন্ত্রীর শিলচর সফর এবং বিভিন্ন পুজোমণ্ডপে তাঁর উপস্থিতি দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে বিশেষ মাত্রা যোগ করে।



