সরকারি কার্যালয়ে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার দাবিতে সরব সুরক্ষা পরিষদ

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : বরাক উপত্যকায় সরকারি কার্যালয়ে স্বীকৃত ভাষা হিসেবে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার দাবি জানালো ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। বুধবার পরিষদের সভাপতি হারাণ দে এবং সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুলকুমার গুপ্তার কাছে এক স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বরাক উপত্যকার সরকারি কার্যালয়গুলিতে সরকারি কাজে বাংলা ভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণের পর জেলা আয়ুক্ত রাহুলকুমার গুপ্তা পরিষদের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মধ্যে বাংলা ভাষা শেখার প্রতি অনীহা লক্ষ্য করা যাচ্ছে। তাঁর মতে, সাম্প্রতিক মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে মাত্র ৩৪ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা উদ্বেগজনক। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার প্রতি আগ্রহ বাড়াতে সুশীল সমাজকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি, এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি আলোচনা করবেন বলে জানান।

এদিন বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার পক্ষ থেকেও কাছাড়ের নতুন জেলা আয়ুক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রাহুলকুমার গুপ্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *