মহাষ্টমীতে শিলচর রামকৃষ্ণ মিশনের দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : দুর্গাপুজোর মহাষ্টমীর দুপুরে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করলেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

মিশন প্রাঙ্গণে পৌঁছে মা দুর্গার চরণে প্রণাম জানিয়ে আশীর্বাদ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মিশনের মহারাজবৃন্দের আশীর্বাদ নেন তিনি। মহারাজ গণদিশানন্দজির সঙ্গে সৌজন্য বিনিময় ও আলাপচারিতায়ও অংশ নেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া মিশনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে মিশনের পরিচালন পর্ষদ ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। মণ্ডপের সামগ্রিক পরিবেশ ও পুজোর আয়োজন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে।

এ দিন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ছাড়াও মুখ্যমন্ত্রী উধারবন্দের কাঁচাকান্তি মন্দির, মিতালি সংঘ, বিলপার দুর্গাবাড়ি, তরুণ সংঘ, লিংক রোডের শ্রীপল্লি, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের পুজো এবং রাইস মিলের পুজোমণ্ডপ পরিদর্শন করেন। বিভিন্ন পুজোমণ্ডপে গিয়ে তিনি দেবী দুর্গার আশীর্বাদ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *