বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : দুর্গাপুজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে শিলচরের প্রথম সারির স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সোনাই শহরের আর্থিকভাবে দুর্বল ও অসহায় পুরুষ, মহিলা, শিশু এবং যুবকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচিতে সহযোগিতা ও অনুষ্ঠান আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটি। প্রতি বছরের মতো এবারও হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সোনাই শহর ও সংলগ্ন গ্রামের দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সোনাইয়ের ১৮২ নম্বর মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুপুর ১২টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অসংখ্য দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি উৎপল দেবরায়, সাধারণ সম্পাদক কৃষ্ণ কংশ বনিক, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপরঞ্জন পাল এবং বিশেষ সম্মানিত সদস্য দেবাশিস কুণ্ডু। এছাড়া সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটির সভাপতি আশরাফ হোসেন লস্কর, সাংস্কৃতিক সম্পাদক ভাইটি লস্কর, সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লস্কর-সহ উভয় সংগঠনের অন্যান্য সদস্য ও পদাধিকারীরা উপস্থিত ছিলেন। দুর্গাপুজার প্রাক্কালে নতুন বস্ত্র পেয়ে উপকৃত মানুষজন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এবং সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটির সকল পদাধিকারী ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তাঁদের মঙ্গল কামনা করেন। মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।



