কালাইনে উন্মোচিত ‘কস্তুরী’র ২৬তম শারদ সংখ্যা, কৃষ্টি-সংস্কৃতির প্রতিফলন

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : শারদোৎসবের আবহে সাহিত্য চর্চা ও নিজস্ব কৃষ্টি-সংস্কৃতির মেলবন্ধনে প্রকাশিত হলো সাহিত্য পত্রিকা ‘কস্তুরী’র ২৬তম বছরের শারদ সংখ্যা। বৃহস্পতিবার পঞ্চমীর সকালে কালাইনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক উন্মোচন করেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও শিক্ষক সুমন দাস, পত্রিকার সহ-সম্পাদক বিমান দাস, সমাজসেবী নিত্য গোপাল দাস এবং সম্পাদক মানস কান্তি চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্টজন।
পত্রিকাটি উন্মোচন করে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, ‘কস্তুরী’র পাতায় স্থান পেয়েছে আমাদের কৃষ্টি ও সংস্কৃতির প্রতিচ্ছবি। এমন সাহিত্য উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি পত্রিকাটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন তিনি।

এবারের শারদ সংখ্যায় কবিতা, গল্প, প্রবন্ধ ও নিবন্ধের সমাহারে সাজানো হয়েছে পত্রিকাটি। সংখ্যাটিতে স্থান পেয়েছে ২৯টি কবিতা, ৯টি গল্প এবং ১১টি প্রবন্ধ ও নিবন্ধ। পাশাপাশি নবীন প্রজন্মের সৃজনশীল প্রতিভাকে তুলে ধরতে শিশুদের জন্য নির্ধারিত ‘তোমার হল শুরু’ বিভাগে প্রকাশিত হয়েছে চারটি লেখা।

সাহিত্য ও সংস্কৃতির প্রতি অনুরাগকে সঙ্গী করে ‘কস্তুরী’র এই নতুন সংখ্যা পাঠক মহলে সাড়া জাগাবে বলে আশাবাদী পত্রিকার সঙ্গে যুক্ত সাহিত্য প্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *