শিক্ষার উন্নয়নে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আমিনুল হকের

Spread the news

সোনাই মাধব চন্দ্র দাস কলেজে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না ও নিযুত বাবু প্রকল্পের চেক বিতরণ

আব্দুল হক, সোনাই।
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : সোনাই এমসিডি কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ঐতিহাসিক ঘোষণা দিলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার সোনাই মাধব চন্দ্র দাস কলেজে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না ও নিযুত বাবু প্রকল্পের আনুষ্ঠানিক চেক বিতরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পড়াশোনায় প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এই ঐতিহাসিক ঘোষণা দেন অনুষ্ঠানের মুখ্য অতিথি আমিনুল হক লস্কর।

তিনি বলেন, এমসিডি কলেজে শিক্ষার মান অনেক নিচে। কোনওমতে উচ্চমাধ্যমিক পাস করে ছাত্রছাত্রীরা ডিগ্রি ক্লাসে ভর্তি হয় না। পড়াশোনায় ভালো ছাত্রছাত্রীরা ডিগ্রি ক্লাসে ভর্তি হলেও তাঁদের সংখ্যা নগণ্য। উচ্চমাধ্যমিকে ৩০ শতাংশ ফলাফল দেখা গেলেও ডিগ্রিতে মাত্র পাঁচ শতাংশ সাফল্য দেখা যায়। তাই ছাত্রছাত্রীদের পড়াশোনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সরকারি সাহায্য লাভের পরও ছাত্রছাত্রীরা পড়াশোনায় গুরুত্ব না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে এমসিডি কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। তিনি ঘোষণা দেন, উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে ৬৫ শতাংশ নম্বর লাভ করা ছাত্রছাত্রীদের ব্যক্তিগতভাবে জনপ্রতি ২৫ হাজার টাকা এবং ডিগ্রি চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে ৭৫ শতাংশ নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা ৫০ হাজার টাকা পুরস্কার লাভ করবে।

তিনি বলেন, ভালো কাজের প্রশংসা করতে হয়। বিরোধী দলের বিধায়ক হয়েও শিক্ষার উন্নয়নে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগকে স্বাগত জানিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির ব্যক্তিগত উদ্যোগ সম্পর্কে ঘোষণা দেন। তিনি আশা ব্যক্ত করেন, এবার এমসিডি কলেজে ভালো ফলাফল মিলবে।

কলেজের অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ড. আব্দুল মতিন লস্কর বলেন, নিযুত ময়না ও নিযুত বাবু প্রকল্পের সরকারি নীতি-নির্দেশিকা রয়েছে। কলেজে উপস্থিতির হার নির্ধারণ করবে কারা প্রকল্পের সুবিধা লাভ করবে। তাই পরবর্তীতে সরকারি নীতি-নির্দেশিকা অনুযায়ী চেক বিতরণ করা হবে বলে ছাত্রছাত্রীদের সতর্কবার্তা দেন তিনি।

সভাপতির ভাষণে অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্কর বলেন, কলেজে নিয়মনীতি ভঙ্গকারী এবং কলেজে উপস্থিতির হার কম থাকা ছাত্রছাত্রীরা নিযুত ময়না ও নিযুত বাবু প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। এ বিষয়ে ছাত্রছাত্রীদের সতর্কবার্তা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *