শিলচরে শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্রের উদ্যোগে সুরময় আগমনী অনুষ্ঠান

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : শারদোৎসবকে সামনে রেখে শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রালের উদ্যোগে আয়োজিত হল এক মনোজ্ঞ আগমনী সাংস্কৃতিক অনুষ্ঠান। গত রবিবার সন্ধ্যা ৬টা থেকে অম্বিকাপট্টিতে সংস্থার প্রার্থনাগৃহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আগমনী সঙ্গীতের সুরে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ।

সুরলোক সাংস্কৃতিক সংস্থা ও কিঞ্জল সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি বিশেষ মাত্রা লাভ করে। অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন অনিমেষ দেব, যুথিকা দত্ত বণিক ও মৌসুমী চৌধুরী। পাশাপাশি শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্রের নিজস্ব শিল্পী জয়স্মিতা রায়বর্মন, বীরেশ নাথ, অনুদীপ্ত দাস ও সুস্মিতা দাসের আগমনী গান উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে তবলায় সঙ্গত করেন রত্নজয় নাথ চৌধুরী এবং সিনথেসাইজারে ছিলেন দেবায়ন কর। সমগ্র অনুষ্ঠানটি সাবলীলভাবে সঞ্চালনা করেন জনান্তিকা ভট্টাচার্য।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ‘বানপ্রস্থ মঙ্গলম’-এর সভাপতি নীহারেন্দু কুমার তারণ ও সম্পাদক প্রণব কুমার চৌধুরীকে শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি বানপ্রস্থের আবাসিকদের হাতেও তুলে দেওয়া হয় শারদ সম্মান ও উপহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানপ্রস্থ মঙ্গলমের সভাপতি নীহারেন্দু কুমার তারণ, সম্পাদক ও পাঠচক্রের উপদেষ্টা প্রণব কুমার চৌধুরী, সুশীল কুমার কর, পাঠচক্রের সভাপতি চম্পালাল রায়, সাংস্কৃতিক সম্পাদক জয়দীপ রায়বর্মন, সম্পাদক সুদীপ দাস, সহসভাপতি বীরেন্দ্র কুমার দাস, কোষাধ্যক্ষ অমিত বণিক, বিশ্বরাজ চক্রবর্তী, বীরেশ নাথ, দেবল দেব রায়, সুখেন্দু সেন, জয়নিরঞ্জন চক্রবর্তী, নরেন্দ্র বণিক-সহ সংস্থার অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের শেষ পর্বে পাঠচক্রের সভাপতি চম্পালাল রায় উপস্থিত অতিথি, আমন্ত্রিত শিল্পী ও শ্রোতাদের শারদ শুভেচ্ছা জানান এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *