মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর: উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও দুর্দান্ত ফুটবল নৈপুণ্যে জমে উঠল ভুবরিঘাটের নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। শনিবার আয়োজিত ফাইনালে কাবাড়ীবন্দ টিম (নবজাগরণ ক্লাব) ২-১ গোলে কেওটি টিম (জেজে ইয়ংস্টার)-কে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলায় মাঠজুড়ে তৈরি হয় টানটান উত্তেজনা। কাবাড়ীবন্দের পরিকল্পিত আক্রমণের জবাবে কেওটি দলও একাধিক পাল্টা আক্রমণ গড়ে তোলে। দুই দলের খেলোয়াড়দের লড়াই ও গোলের সুযোগে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। ফাইনালকে ঘিরে ভুবরিঘাটে তৈরি হয় উৎসবের আবহ। খেলা শুরুর আগেই মাঠের চারপাশে ভিড় জমাতে শুরু করেন ক্রীড়াপ্রেমীরা। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় তুলে নিয়ে নবজাগরণ ক্লাবের কাবারীবন্দ দল চ্যাম্পিয়ন হয়। রানার্স-আপের শিরোপা পায় কেওটি বা জে জে ইয়ংস্টার দল।

ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিলকুমার ত্রিপাঠি, পুথনি গ্রাম পঞ্চায়েতের সভাপতি নমিতা গোয়ালা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও আয়োজকরা।

ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুবরিঘাট টি-এস্টেটের ম্যানেজার বিভুর শর্মা-সহ অনেকে। অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় তরুণদের খেলাধুলায় আরও বেশি করে যুক্ত করার ওপর গুরুত্ব দেন।

জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে দুই দলের খেলোয়াড়দের সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মানসিকতা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া এবং যুবসমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখার লক্ষ্যেই এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।



