বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : নয়াদিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ছাত্রছাত্রী, যুবক যুবতী ও সাধারণ মানুষ এসআইআর (SIR)-এর মাধ্যমে কোটি কোটি প্রকৃত ভারতীয় নাগরিকের ভোটাধিকার হরণের স্বেচ্ছাচারী পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনকারীদের দমন করতে পুলিশের বর্বর অত্যাচারের প্রতিবাদে আজ এআইডিএসও এবং এআইডিওয়াই-র সর্বভারতীয় কমিটির আহ্বানে ধোয়ারবন্দ বাজারে ‘সর্বভারতীয় প্রতিবাদ দিবস’ পালন করা হয়। বিক্ষোভকারীরা বলেন, “এসআইআর (SIR)-এর মাধ্যমে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা চলবে না, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তত্ত্বাবধানে কোনও নির্বাচন অনুষ্ঠিত করা যাবে না এবং গণ-আন্দোলনে পুলিশের কোনও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
প্রতিবাদে বক্তব্য রাখেন এআইডিওওয়াইও-এর কাছাড় জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য। তিনি বলেন, দেশ বর্তমানে এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থানের অভাবে মানুষের জীবন-জীবিকা কঠিন সমস্যার সম্মুখীন, অন্যদিকে সব ক্ষেত্রে কর্পোরেট স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং মেধাবী ও সুশিক্ষিত যুবকদের জন্য কোনো কর্মসংস্থানের সুযোগ নেই। পাশাপাশি, জনবিরোধী নীতি গ্রহণের ফলে সৃষ্ট জনগণের ক্ষোভ প্রশমিত করতে বিজেপি সরকার সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে। এছাড়া, নির্বাচনী এলাকার পুনর্বিন্যাস বা ‘ডিলিমিটেশন’-এর নামে জনগণকে হিন্দু ও মুসলিম ভোটার হিসেবে বিভক্ত করা হচ্ছে এবং বিপুল সংখ্যক প্রকৃত ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিজেপি সরকারের হয়ে এই চরম অবিচার ও ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করছেন। যেখানে খুনি ও ধর্ষকদের নাগরিক অধিকার রয়েছে, সেখানে রাষ্ট্রহীন মানুষদের কোনও অধিকার নেই।

তিনি বলেন, বিপুল সংখ্যক নাগরিকের—বিশেষ করে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর—ভোটাধিকার আজ সংকটের মুখে। এআইডিএসও-র কাছাড় জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য বলেন “এসআইআর-এর অধীনে কোনো ভোট নয়” এবং “জ্ঞানেশ কুমারের অধীনে কোনো ভোট নয়”- স্লোগান তুলে গোটা দেশে সংগঠনের পক্ষ থেকে জনমত গঠনের চেষ্টা চালানো হচ্ছে। তিনি পুলিশি দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়ে বলেন যে, একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করা নাগরিকদের বৈধ অধিকার। অথচ এই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তিনি জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে সবাইকে সামিল হতে আহ্বান জানান। ধোয়ারবন্দ বাজারে অনুষ্ঠিত কার্যসূচিতে উপস্থিত ছিলেন এআইডিওয়াইও-এর কাছাড় জেলা সভাপতি দিলীপকুমার রী, সুবীর রায়, দীলিপ কালোয়ার, স্বপন চৌধুরী সহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ।
কাছাড় জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থান যথাক্রমে তেজপুর, নলবাড়ি, লখিমপুর, গোয়ালপাড়া ইত্যাদিতে প্রতিবাদী কার্যসূচি অনুষ্ঠিত হয়।



