স্বাধীনতার আট দশক পরও উন্নয়নের ছোঁয়া অধরা বাঁশডহরে, বেহাল রাস্তায় চরম দুর্ভোগ গ্রামবাসীর

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : স্বাধীনতার প্রায় আট দশক পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হাইলাকান্দি জেলার বাঁশডহর গ্রামে। হাইলাকান্দি শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রামের বাসিন্দাদের কাছে এখনও অন্যতম প্রধান সমস্যা সড়ক যোগাযোগ। গ্রামের প্রবেশপথ থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত রাস্তার বেহাল অবস্থায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

গ্রামের রাস্তাজুড়ে কাদামাটি জমে থাকায় স্বাভাবিকভাবে যাতায়াত করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। কাদায় ভরা রাস্তা দিয়ে জুতো কিংবা চটি পরে চলাচল করতেও হিমশিম খেতে হয় গ্রামবাসীদের।
এই দুর্ভোগের সবচেয়ে বড় শিকার স্কুলপড়ুয়া শিশুরা। গ্রামে রয়েছে তিনটি সরকারি বিদ্যালয় ও তিনটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অথচ যাতায়াতের উপযুক্ত রাস্তা না থাকায় প্রতিদিন কাদামাখা পথ পেরিয়েই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে হচ্ছে খুদে পড়ুয়াদের। ফলে তাদের পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন যাতায়াতও হয়ে উঠেছে অত্যন্ত কষ্টকর।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের বেহাল রাস্তার সমস্যা নিয়ে বিধায়ক থেকে শুরু করে জেলা আয়ুক্ত পর্যন্ত একাধিকবার আবেদন জানানো হয়েছে। কিন্তু বারবার দাবি জানিয়েও আজ পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। প্রশাসনের উদাসীনতায় দিনের পর দিন দুর্ভোগ বেড়েই চলেছে বলে অভিযোগ তাঁদের।

গ্রামবাসীদের প্রশ্ন, হাইলাকান্দি শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রামের যদি এই বেহাল অবস্থা হয়, তাহলে জেলার প্রত্যন্ত এলাকার উন্নয়নের চিত্র কেমন? দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে সরব হয়েও প্রশাসনের কার্যকর উদ্যোগ না মেলায় স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ।

এখন গ্রামবাসীদের একটাই দাবি, অবিলম্বে বাঁশডহরের রাস্তাঘাট সংস্কার করে স্থায়ী পাকা রাস্তা নির্মাণের উদ্যোগ নিক প্রশাসন। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে কবে মুক্তি মেলে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন বাঁশডহরের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *