ছয় মাসের শিশুকন্যাকে কোলে নিয়ে সংসদে বক্তব্য ফাতিমা পেম্যানের, মাতৃত্ব ও সংসদীয় দায়িত্ব পালনের দৃশ্য ভাইরাল

Spread the news

২৬ নভেম্বর : মাতৃত্বের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনেও যে কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না সন্তান, তারই এক অনন্য দৃশ্য ধরা পড়ল অস্ট্রেলিয়ার সংসদে। কোলে ছয় মাসের শিশুকন্যাকে নিয়ে সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন হিজাব পরিহিত মুসলিম নারী সাংসদ ফাতিমা পেম্যান। তাঁর এই ব্যতিক্রমী দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি গত ২৫ নভেম্বরের। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল দায়বদ্ধতা সংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনা চলাকালীন নিজের ছয় মাসের কন্যা আলিয়াকে কোলে নিয়েই বক্তব্য পেশ করেন পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেম্যান। সংসদের গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি শিশুকন্যাকে আগলে রাখার এই দৃশ্য নজর কেড়েছে বহু মানুষের।
এই ঘটনার আরও একটি মিষ্টি মুহূর্ত ধরা পড়ে সংসদীয় অধিবেশন চলাকালীন। ফাতিমার পিছনে বসে থাকা আরেক সিনেটর লিডিয়া থর্প শিশুটির সঙ্গে খেলতে শুরু করেন। সংসদের গম্ভীর পরিবেশের মধ্যেই তৈরি হয় এক আনন্দঘন পরিস্থিতি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সংসদীয় বিধি অনুযায়ী, নির্দিষ্ট শর্তসাপেক্ষে সাংসদদের শিশুদের সংসদ কক্ষে নিয়ে আসা এবং তাদের দেখাশোনা করার অনুমতি রয়েছে। ফাতিমা পেম্যানের এই দৃশ্য নতুন করে সামনে এনেছে কর্মজীবী মায়েদের মাতৃত্ব ও পেশাগত দায়িত্ব একসঙ্গে সামলে চলার বাস্তব চিত্র। সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি শিশুকন্যাকে স্নেহে আগলে রাখার এই মুহূর্তই এখন নেটদুনিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *