বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে শিলচরের রামনগরে অর্ধশতাধিক মহিলার মধ্যে বস্ত্র বিতরণ ও আর্থিক সাহায্য প্রদান করলেন অসম গণ পরিষদ (অগপ)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক কে. এইচ. বিমলেন্দু সিংহ। প্রতি বছরের মতো এ বছরও তাঁর উদ্যোগে এই সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহিলাদের হাতে শাড়ি-সহ বিভিন্ন বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্যও প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিমলেন্দু সিংহ বলেন, শারদীয়া দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে দেওয়ার এক বিশেষ উপলক্ষ। উৎসবের আনন্দ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ভাগ করে নেওয়ার পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানো সকলের সামাজিক দায়িত্ব।
তিনি আরও বলেন, দুর্গাপূজার আনন্দ থেকে যাতে কেউ বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও বস্ত্র বিতরণ ও আর্থিক সাহায্যের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই এই ধরনের কর্মসূচির প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে। সমাজে পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা ও মানবিকতার বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, অনুষ্ঠানে উপস্থিত অগপর শিলচর বিধান পরিষদের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য (দীপন) এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বস্ত্র বিতরণের মতো মহতী সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। দুর্গোৎসব কেবল আনন্দ উদযাপনের সময় নয়, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলারও এক বিশেষ উপলক্ষ। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের সহযোগিতা করার মধ্যেই প্রকৃত সমাজসেবার সার্থকতা রয়েছে।
অনুষ্ঠানে সুমতি সিংহ, বেলারানি সিংহ, রিনা সিংহ, নমিতা সিংহ, বেনীতা সিংহ, চিরঞ্জয় সিংহ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



