বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : প্রতি বছরের মতো এ বছরও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ করল হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। দুর্গোৎসবের প্রাক্কালে সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল সংস্থাটি।
দেবীপক্ষের পুণ্যলগ্নে হাইলাকান্দি জেলার পার্শ্ববর্তী নিশ্চিন্তপুর অঞ্চলের নাইডুবস্তির জগন্নাথ মন্দিরে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের আনন্দ সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া এবং তাঁদের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় বাসিন্দা বাপ্পা দেব ও তাঁর সহযোগীরা সক্রিয়ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সংস্থার সভাপতি গুণোজ্যোতি দত্ত এবং বাপ্পা দেব। তাঁরা এ ধরনের সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি উৎপল দেবরায়, সম্পাদক কৃষ্ণ কংস বণিক, সহ-সম্পাদক সন্তোষ কুমার দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপরঞ্জন পাল এবং সদস্য সম্রাট দাস ও ঝুনু কুমার দাস।



