শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : দু’দিনের জ্বরে মৃত্যুর কোলে ঢলে পড়ল মাত্র সাত বছর বয়সী অনাহিতা রায়। এ মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ কাছাড় জেলার কালাইন-তারাপুর এলাকা। শনিবার রাতে মৃত্যু হয় কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাইন-তারাপুরের বাসিন্দা লাবন রায়ের একমাত্র কন্যা অনাহিতার। সে ভারত নির্মাণ বিদ্যাপীঠের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের মধ্যে।
ছোট্ট অনাহিতা ছিল অত্যন্ত হাসিখুশি ও প্রাণবন্ত স্বভাবের। তার মিষ্টি হাসি এবং সহজ-সরল ব্যবহারের জন্য অল্প সময়ের মধ্যেই সে সকলের প্রিয় হয়ে উঠেছিল। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে সহপাঠী ও পরিচিতজনদের কাছে তার উপস্থিতি ছিল আনন্দের। মাত্র সাত বছর বয়সে তার এই অকাল বিদায়ে গভীর শূন্যতা তৈরি হয়েছে পরিচিত মহলে।
যে বয়সে একটি শিশুর জীবন বই-খাতা, খেলাধুলা ও ভবিষ্যতের স্বপ্নে পরিপূর্ণ থাকার কথা, সেই বয়সেই অনাহিতার চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিচিতজনেরা। ছোট্ট অনাহিতার বিদেহী আত্মার চিরশান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত বাবা লাবন রায় ও পরিবারের অন্যান্য সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি প্রদানের জন্য প্রার্থনা জানানো হয়েছে।




