অভিজিৎ দীপকে-সহ CJP-র ৩ নেতাকে সতর্কতামূলক গ্রেপ্তার, ম্যাজিস্ট্রেটের দপ্তরে হাজিরা দিতেই মুক্তি

Spread the news

১১অক্টোবর : রবিবার যন্তর মন্তরে দ্বিতীয় দিনের আন্দোলন শুরু আগেই কড়া পদক্ষেপ দিল্লি পুলিশ-প্রশাসনের। সূত্রের খবর, যন্তর মন্তরে জমায়েতের ডাক দেওয়ার অভিযোগে তিন আন্দোলনকারীকে সতর্কতামূলক গ্রেপ্তার (Preventive Arrest) করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সিজেপি-র অন্যতম প্রধান মুখ অভিজিৎ দীপকে এবং দলের আরও দুই গুরুত্বপূর্ণ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। রাজধানীতে নতুন করে যাতে কোনও উত্তেজনা না ছড়ায়, তার জন্যই এই গ্রেপ্তারি বলে জানা গিয়েছে। এ দিন সকাল ৯টা নাগাদ তাঁদের হাজির করানো হয় দিল্লি ক্যান্টনমেন্টের এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে। সেখান থেকেই ছাড়া পেয়ে যান সিজেপি-র তিন নেতা।

শনিবার দিল্লি বিমানবন্দরে বিমানের ভিতর থেকেই তাঁদের আটক করা হয়েছিল। নেতারা হেফাজতে থাকাকালীনও আন্দোলন থামাতে নারাজ ছিল সিজেপি। দলের আর এক নেতা অজিঙ্কা শিন্ডে জানিয়েছেন, রবিবারও বিক্ষোভকারীরা যন্তর মন্তরের দিকে এগোবেন। নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রায় ১৩ কোটি নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ও কারচুপির অভিযোগ তুলেছে সিজেপি। এই গরমিলের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন থামবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সিজেপি-র তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *